Published : 20 Aug 2026, 06:18 PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষক হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড এবং তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকিদুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন পাটোয়ারী (২২) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তার বাবা ইউনুচ আলী পাটোয়ারী (৫৭) কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি বলেন, জমি নিয়ে নায়েব আলীর পরিবারের সঙ্গে আসামিপক্ষের বিরোধ ছিল। এর জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াটি গ্রামে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন।
এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন তিনজনের নাম দিয়ে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ অগাস্ট আল-আমিন ও ইউনুচ আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিচারিক কার্যক্রম শুরুর পর সাত কার্যদিবসের মধ্যে মামলাটির রায় দেওয়া হয়। রায়ে আল-আমিনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি আকিদুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। তিনি দণ্ড দ্রুত কার্যকরের আহ্বান জানান।