১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

কোম্পানীগঞ্জ উপজেলার আলাদা স্থানে ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আলাদা স্থানে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর  ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে এ দুটি ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান।

নিহত দুই শিশু হল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন তামিম (৮) ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ওয়াসিমের ছেলে মো. ইয়াসিন (৭)। এদের মধ্যে তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী

ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামিম তিনদিন আগে তাদের বাড়ির পাশেই ফুফুর বাড়ি বেড়াতে আসে। সকালে বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় গুরুতর আহত হয় সে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

অন্যদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “দুই ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”