১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী

“রাজধানীর ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসার মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি।”

আওয়ামী লীগ পুনর্বাসনে আমি কাজ করছি না: কাদের সিদ্দিকী
রোববার দুপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসবভন সোনার বাংলায় সংবাদ সম্মেলন করেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

তিনি বলেছেন, “প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই।

“তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।”

শনিবার রাতে তার বাসভবন সোনার বাংলায় হামলার পর রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

বীরউত্তম খেতাব প্রাপ্ত এ মুক্তিযোদ্ধা বলেন, “রাজধানীর ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসার মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। 

“এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে।”

অপর দিকে বিকালে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নিবেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাত ১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ওসি তানভীর আহাম্মেদ জানান, “পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে বাসাইলের একইস্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর