১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগর থেকে আরও ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে বলে দাবি অন্য জেলেদের।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 06:46 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন সংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলারসহ আরও পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে বলে দাবি অন্য জেলেদের।

সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে দাবি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। হঠাৎ করে আবারও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উপকূলের জেলে পল্লীতে আতঙ্ক ছড়িছে।”

স্থানীয় জেলে নুরুল ইসলাম বলেন, রোববার সকালে প্রতিদিনের ন্যায় টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশে সাগরে যায়। 

পরে ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বলে জানান তিনি।

এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত এলাকা ছেড়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয় বলে জানান জেলে নুরুল ইসলাম।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।”

বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।