Published : 25 Jun 2026, 11:56 AM
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের অন্তত আটজন সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে শ্রীবরদী-কুরুয়া সড়কের কুরুয়া ভাড়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি রেজাউল ইসলাম খান।
দুর্ঘটনায় আহত ডিবি সদস্যদের মধ্যে গুরুতর তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে ওই সড়কের সংস্কার বা নির্মাণ কাজের সামগ্রী রাস্তার একটি বিশাল অংশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছিল। প্রকার সতর্কীকরণ চিহ্ন ছাড়াই রাস্তার ওপর এই সামগ্রী রাখায় যান চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। রাতের বেলায় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
ওসি রেজাউল ইসলাম খান বলেন, ঘটনার সময় ডিবি পুলিশের সদস্য বহনকারী মাইক্রোবাসটি নিয়মিত দায়িত্ব পালন শেষে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা রাস্তার ওপর থাকা প্রতিবন্ধকতা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ভেতরে থাকা আরোহীরা আহত হন। অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা আহত হননি বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, “সড়কের ওপর অপরিকল্পিতভাবে কনস্ট্রাকশন কাজের সামগ্রী স্তূপ করে রাখার কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে।”