পঞ্চগড়ে অবৈধভাবে ১০০ লিটার ডিজেল মজুদ, জরিমানা
ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই তার মুদির দোকানে ডিজেল মজুত করে আসছিলেন।”
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে ১০০ লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে একটি মুদির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধভাবে মজুদ করা তেল জব্দ এবং দোকারদারকে জরিমানা করা হয়।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফিস আলী বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার সংলগ্ন কামরুল ইসলাম ময়নার মুদির দোকানে এ অভিযান চালান।
এ সময় পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
আফিস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১০০ লিটার ডিজেল জব্দ করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, “ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই তার মুদির দোকানে ডিজেল মজুত করে আসছিলেন, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে অবৈধ ডিজেল জব্দ করে তাকে জরিমানা করা হয়েছে।”
