Published : 14 Jan 2026, 02:48 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
বিজিবি ১৬ ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বুধবার সকালে তাদের আটক করে বিজিবি।
এতে বলা হয়েছে, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় ওই ১৭ জনকে। পরে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভিতরে শিবনগর বাজার থেকে তাদের চাড়ালডাঙা সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল আটক করে। আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা।
আটকরা অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের ১২ ব্যাটালিয়ন টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বলে বিবৃতিতে বলা হয়েছে।