Published : 10 Mar 2026, 12:36 PM
নাটোরের সিংড়া উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করে হাত ভেঙে দেওয়া য়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার বিকালে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
আহত ফটিক সর্দার সিংড়ার ইটালীর খোলাবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, ফটিক সর্দারের মেয়েকে খোলাবাড়িয়া গ্রামের পাশের লাক্ষীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে উত্ত্যক্তের করাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জেনে ফটিক সর্দার তার মেয়েকে বিরক্ত না করতে ইমানকে নিষেধ করেন। এতে রেগে গিয়ে ইমান তার কয়েকেজন সহযোগীকে নিয়ে রোববার সন্ধ্যায় ফটিক সর্দারের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এতে ফটিক সর্দার রক্তাক্ত জখম হয় এবং তার ডান হাত ভেঙে যায়। পরে চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ফটিককে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর থেকেই ইমান আলী ও তার সহযোগিরা পলাতক রয়েছে।
সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা বলছেন, “ফটিক আলীর শরীরে বেশ কিছু আঘাত রয়েছে; তার ডান হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে জানতে ইমান আলী মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”