১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদণ্ড

কক্সবাজার থেকে নিয়মিত বাসে বরিশালে আসতেন তিনি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। 

বুধবার বিকালে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় দেন বলে বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন। 

দণ্ডিত জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফ আর/সি নয়াপাড়া এইচ ব্লকের ৬৩১ নম্বর শেডের বাসিন্দা। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালে আসা মামুন পরিবহনের একটি বাস নগরীর কলসগ্রাম এলাকায় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসে থাকা মিয়ানমারের নাগরিক জাহিদা বেগম সন্দেহজনক আচরণ শুরু করেন।

তখন তাকে তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে মামলা করেন। এসআই মো. ছানোয়ার হোসেন ২৩ জুন আদালতে অভিযোগপত্র দেন। বিচারক সাত জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বলেন, আসামিকে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।