১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জ-৩: ভোটের আগের রাতে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, ৪ জনকে জরিমানা

“আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 09:04 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলায় আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ভোটের আগের রাতে বিএনপির চার নেতাকর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ ঘটনার পর ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ড়া গ্রামের আকবর আলী, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, একই ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপিকর্মী নুরনবী ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম মণ্ডল সেখ।

আর প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুড়কা শাখার কর্মকর্তা। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “ভোটের আগের রাতে কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে ওই কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “একই কারণে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।”

অভিযানকালে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হকসহ চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।