Published : 11 Jun 2026, 12:45 PM
নড়াইলের লোহাগড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে সেতুর জোড়া কবরের সামনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।
আহত কামাল মোল্যা (৩৮) মাওলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাটাদুরো গ্রামের মৃত আফিল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে লোহাগড়া থেকে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে ফিরছিলেন কামাল মোল্যা। সেতুর জোড়া কবর এলাকায় তার পথরোধ কয়েকজন। তারা কামালের বাম হাত এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হল চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠান।
নড়াইল জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, “কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ওসি আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।