১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সকালে আদালতে যাওয়ার পথে জুথিকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

নওগাঁয় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নওগাঁ সদর মডেল থানা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় কাঠাতলীতে এ ঘটনা ঘটে বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম।

নিহত জুথি খাতুন (২২) সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। জুথির স্বামীর নাম মো. তানভীর।

পুলিশ ও স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক থেকে গাজীপুরের তানভীরের সঙ্গে প্রায় এক বছর আগে জুথির বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে কলহ শুরু হলে জুথি বাবার বাড়িতে চলে আসেন। পরে আদালতে মামলা করেন তিনি।

বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। সকালে আদালতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা তানভীর জুথিকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ জুথির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি নূরে আলম বলেন, নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।