Published : 26 Dec 2025, 03:23 PM
সিরাজগঞ্জের কাজিপুরে সাতটি ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় সেগুলো জব্দ করেছে প্রশাসন। এ সময় দুইজনকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের ২ নম্বর স্পার বাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানান কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম (৩০) ও গাজীপুরের কোনাবাড়ি পেয়ারা বাগান মহল্লার আবুর ছেলে ট্রাক চালক তারেক মিয়া (৪০)।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস ঢাকা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখান থেকে বস্তায় থাকায় ৭টি ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়।
এরপর পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালতে জাইদুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার ও ট্রাক চালক তারেক মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও জব্দকৃত ঘোড়ার মাংসগুলো মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইউএনও আরও জানান, অভিযানের সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান ও কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।