১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালকের নামে মামলা

মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালকের নামে মামলা
আসামি ইউসুফ আলী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 07:28 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার পরদিন শুক্রবার সকালে মেয়েটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন ওই থানার ওসি আবু সিদ্দিক।

আসামি ইউসুফ আলী (৪৫) উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার বাসিন্দা। তিনি রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিকের’ পরিচালক বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, মেয়েটির পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুযোগে তাদের বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতেন ইউসুফ। বৃহস্পতিবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা অসুস্থ এক শিশুকে নিয়ে হাসপাতালে গেলে বাড়িতে মেয়েটি একা ছিল। 

“এ সময় ইউসুফ বাড়িতে গিয়ে মেয়েটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান ইউসুফ।”

পরে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্বরত মিডওয়াইফ স্মৃতি রাণী বলেন, “প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।”

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে ইউসুফ ও তার স্বজনরা তথ্য গোপন রাখতে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি দিচ্ছেন। আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়েটির মা।

আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক।