Published : 12 Aug 2026, 10:15 PM
আওয়ামী লীগের চেয়েও এখন বিএনপি বেশি দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেছেন, “আওয়ামী লীগের আমলের চেয়েও বিএনপি সরকার বেশি দলীয়করণ করছে। সরকার রাষ্ট্রীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক লোক বসিয়ে নতুন করে দলীয়করণ ও দুর্নীতির ফাঁদ তৈরি করছে। এভাবে চলতে থাকলে বিএনপি নিজেরাই নিজেদের পতন ডেকে আনবে।”
বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দল বা সরকারের বিষয় নয়; এটি একটি অপসংস্কৃতি। আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে মানেই ফ্যাসিবাদ শেষ হয়ে যায়নি। বর্তমান শাসকগোষ্ঠীর আচরণেও সেই একই ফাসিবাদী চরিত্র ফুটে ওঠছে।”
সংবিধান সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের জুলাই সনদে বিএনপিসহ ২৬টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেখানে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন ক্ষমতায় গিয়ে তা থেকে সরে আসার চেষ্টা করছে। রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা তাদের মূল নিয়তে ছিল না, তাদের লক্ষ্য ছিল কেবল ক্ষমতার পথ প্রশস্ত করা।
অবিলম্বে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার ও জনগণের রায় বাস্তবায়ন না করলে মানুষ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অর্থনৈতিক সংকট ও নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। বলেন, “দেশ এরই মধ্যে গ্যাস-বিদ্যুতের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং ভারত ও মার্কিন চুক্তির মত নানা চাপে জর্জরিত। এই মুহূর্তে সরকার নতুন সংকট তৈরি করে নিজেদের জন্য বুমেরাং পরিস্থিতি ডেকে আনছে।”