Published : 12 Aug 2026, 03:08 PM
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
শ্রীপুরের স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, বুধবার সকাল ৮টায় নেত্রকোণাগামী ‘বলাকা এক্সপ্রেস’ শ্রীপুর স্টেশনে প্রবেশ করলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আটকে যায়।
ট্রেনের যাত্রী মো. শাহিনুর আলম বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশের পরপরই হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিকট শব্দ হয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।”
তিনি বলেন, “ট্রেনটি দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। উপায় না দেখে বহু যাত্রী বিকল্প পথে গন্তব্যে রওনা হন।”
স্টেশন মাস্টার শামিমা জাহান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বেলা সাড়ে ১১টার দিকে একটি বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।