১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাগলা মসজিদে হামলার শিকার ২ সাংবাদিক, বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পাগলা মসজিদে হামলার শিকার ২ সাংবাদিক, বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের আখড়া বাজার চত্বরে ‘কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। 

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাংবাদিক নেতারা তাদের পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটকের কথা জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা।

এতে আহত হন চ্যানেল টোয়েন্টিফোর-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু (৪২)।

পরে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক পিংকু বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

আটকরা হলেন- জীবন এবং মনা। তাৎক্ষণিক তাদের পরিচয় জানায়নি পুলিশ।

মামলা থেকে জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে হাঁস-মুরগী, গরু-ছাগল, নারকেল, বাতাসা, মোমবাতিসহ বিভিন্ন সামগ্রী। 

এ নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চার সংবাদকর্মী।

নিলাম শুরুর এক পর্যায়ে সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ ‘মব সৃষ্টি’ তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল ও পিংকু আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রাতেই এ ঘটনায় ভুক্তভোগী এক সাংবাদিক আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

ওসি আবুল কামাল ভূঞা বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।