Published : 15 Jul 2026, 03:36 PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে যাওয়ার পথে বলেশ্বর নদীতে বন বিভাগের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এতে ট্রলারে থাকা নয় যাত্রীর মধ্যে আটজন সাঁতরে তীরে ফিরতে পারলেও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বনবিভাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নদীতে তল্লাশি করছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান।
নিখোঁজ জাহাঙ্গীর (৫০) উপজেলার পদ্মা এলাকার সায়েদ মিয়ার ছেলে।
রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, সকালে সংরক্ষিত একটি বনে গাছের চারা রোপণের উদ্দেশে বন বিভাগের এক কর্মচারী এবং আটজন শ্রমিক একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে রওনা দেন। ট্রলারটিতে বিপুল গাছের চারাও ছিল।
ট্রলারটি বলেশ্বর নদীতে প্রবেশ করলে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। সবাই নিরাপদে তীরে ফিরতে পারলেও সাঁতার না জানায় জাহাঙ্গীর নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিতে রওনা হয়েছেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত বলেশ্বর নদীর ওই পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।