Published : 16 Jul 2026, 11:25 PM
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা, পূজা-অর্চনা, কীর্তন ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার হাজারো ভক্তের অংশগ্রহণে রথযাত্রা হয়। উলুধ্বনি, শঙ্খ ও কাঁসর ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
নীলফামারী
নীলফামারীতে শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকনের উদ্যোগে আলাদা দুটি রথযাত্রা বের হয়। রথ দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, কেন্দ্রীয় শিব মন্দিরের রথযাত্রা মিলনপল্লী মন্দিরে গিয়ে শেষ হয়েছে। সেখানে সাত দিন অবস্থানের পর ২২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে রথটি আবার মূল মন্দিরে ফিরবে।

রথযাত্রায় কয়েক হাজার ভক্ত অংশ নেন। পরে তাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দিরের রথযাত্রায় নেতৃত্ব দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি তিমির বর্মন তপন, সাধারণ সম্পাদক হিমাদ্রী রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ঝণ্টু ভৌমিক ও নারায়ণ চন্দ্র রায়।
নওগাঁ
নওগাঁয় শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সকালে মন্দির প্রাঙ্গণে পূজা, পরিক্রমা ও মঙ্গলাচরণের পর ঢাক-ঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুরু হয়।
পরে রথটি শহরের নির্ধারিত পথ ঘুরে মন্দিরে ফিরে আসে। রথযাত্রাকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন, খেলনা দোকান বসেছে। এ ছাড়া বিনোদনের আয়োজন করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ করা হয়। স্বাধীনতার আগ থেকেই এ এলাকায় রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।

রথযাত্রায় স্বাগত বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সহসভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মণ্ডল, পরিচালনা কমিটির সদস্য হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ সরকার, মধুসূদন কুণ্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হাজারো ভক্ত।
উৎসব উপলক্ষে নয় দিনব্যাপী গ্রামীণ মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন, খেলনা দোকান বসেছে। এ ছাড়া বিনোদনের আয়োজন করা হয়েছে। ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসব শেষ হবে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়েছে।
শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

পরে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথ টেনে যাত্রার সূচনা করেন ভক্তরা। রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।
মন্ত্রী বলেন, আগামীতে সারাদেশে ২৫০টি মন্দিরের উন্নয়নকাজ করা হবে।
তিনি বলেন, রথযাত্রা উৎসবে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা জজ আদালতের পিপি নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ইসকনের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা হয়েছে। শহরের মধ্যপাড়া শ্রীশ্রী রাধামাধব জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। ভক্তরা বলেন, এই উৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তির বার্তা বহন করে।
২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের আয়োজন শেষ হবে।
শোভাযাত্রা শেষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেশ্বর দাস ব্রহ্মচারী বলেন, রথযাত্রা বিশ্বব্যাপী ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের কাছে এটি গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, উৎসব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর
গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রবর্তিত শতবর্ষী ঐতিহ্যের শ্রীশ্রী মানিক্য মাধবের রথযাত্রা এবং ২০ দিনব্যাপী রথমেলার সূচনা হয়েছে।
গাজীপুর প্রেস ক্লাব সংলগ্ন অশ্বত্থতলায় আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
উদ্বোধনের পর হাজারো ভক্ত ঐতিহ্যবাহী রথ টেনে শোভাযাত্রায় অংশ নেন। গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা নারী-পুরুষ ভক্তরা বিশ্বশান্তি, সম্প্রীতি ও সবার কল্যাণ কামনা করেন।
রথযাত্রাকে ঘিরে রথখোলা এলাকায় বসেছে ২০ দিনের লোকজ মেলা। সেখানে দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রীর দোকানের পাশাপাশি নাগরদোলা, সার্কাস ও শিশুদের বিনোদনের বিভিন্ন আয়োজন রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও রথমেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম বিবেচনায় মেলা ও রথযাত্রা ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।