১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্ত দিয়ে অবৈধপথে আনা ৬ কোটি টাকার পণ্য জব্দ

জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, ব্রাইট ক্রিম, সান গ্লাস, গরু ও পাথর উত্তোলন কারা নৌকাসহ বিভিন্ন মালামাল রয়েছে বলে জানায় বিজিবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাইপথে আনা প্রায় ছয় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনা কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তের প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপির সদস্যরা অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সান গ্লাস, গরু ও পাথর উত্তোলন কারা নৌকা জব্দ করা হয়। 

এ ছাড়া সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে জানান তিনি।

জব্দ করা মালামাল বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।