Published : 29 Jan 2026, 10:49 AM
একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আওয়ামী লীগও থাকে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী এস এম জিলানী।
বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে এক নির্বাচনি জনসভায় তিনি ওই মন্তব্য করেন।
এর আগে টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি ও পাটগাতীসহ বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী যে আসন থেকে নির্বাচন করছেন, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনি আসন।
এর আগে কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচনি প্রচারে জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় বুলেটপ্রুফ ভেস্ট ব্যবহার করছেন। সেদিন তিনি গায়ের চাদর ও পাঞ্জাবি খুলে জনতার সামনে ভেস্ট দেখিয়ে আলোচনায় আসেন।
বুধবারের জনসভায় জিলানী বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকে তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকে না। আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকে না। বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করবো ইনশাল্লাহ।”
জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা নতুনভাবে জোট গঠন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে বিএনপির এ প্রার্থী বলেন, “৫ অগাস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। কারণ ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পায়। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই, আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেব।
“আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি তাহলে শুধু ঢাকা শহর নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া বুক ফুলিয়ে সিনা টান করে চলবেন।”
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু ও যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।