১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 08:03 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবোঝাই পিকআপ ও সারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। 

তবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পিকাপটিতে থালা-বাসনসহ বিভিন্ন গৃহসামগ্রী ও দুটি ছাগল ছিল। দুর্ঘটনায় সেগুলোও মারা গেছে। 

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন। 

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেয়ার পথে আর দুজন মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুরর্ঘটনা কবলিত যানগুলি সরিয়ে নেওয়ার পর ফের চলাচল শুরু হয়। 

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।