১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কভার্ড ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিল বাস, মৃত্যু

দুর্ঘটনার পর বাস ও কভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 03:18 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নরসিংদীতে কভার্ড ভ্যানের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর প্রাণ গেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসের ব্রেক ফেল হলে পেছনে থাকা একটি কভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি আজিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ও কভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।