Published : 11 Mar 2026, 09:32 PM
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার বিকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাংগা বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয় বলে জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
গোপন খবর পেয়ে বিকালে গোয়াডাংগা বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল পাওয়া যায়।
চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছিল বলে জানান ইউএনও সাদিয়া ইসলাম সীমা।
তিনি বলেন, অভিযান চলাকালে দোকান মালিকদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আগেই দোকান বন্ধ করে সটকে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে জব্দ করা চালের বস্তাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাদী হয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান ইউএনও সাদিয়া ইসলাম সীমা।
অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন এবং ফুলপুর থানা-পুলিশ সহায়তা করেন।