১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে বিদেশি অস্ত্র-গুলিসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

তার হেফাজত থেকে পাকিস্তানের তৈরি রিভলবার, রিভলবারের ২টি গুলি, বার্মার তৈরি ওয়ান শুটারগান, ছোরা, মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 08:14 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৯ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া মধ্য গাজীরচট এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম।

গ্রেপ্তার মো. আফজাল হোসেন (৪৭), আশুলিয়ার মধ্য গাজীর চট এলাকার মো. ওয়াহিদুর রহমানের ছেলে। 

তার হেফাজত থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, রিভলবারের ২টি গুলি, একটি বার্মার তৈরি ওয়ান শুটারগান, ১টি স্টিলের ছোরা, ১টি লোহার ছোরা, ১টি চাইনিজ কুড়াল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ওসি সাইদুল ইসলাম বলেন, এসব অস্ত্র ব্যবহার করে আফজাল দীর্ঘদিন ধরে তার সহযোগীদের সহায়তায় এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। 

তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় আরেকটি মামলা করা হচ্ছে বলেও জানান ওসি।