বরগুনায় ডেঙ্গুতে উপজেলা পরিষদের কর্মকর্তার মৃত্যু
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক অপূর্ব বিশ্বাস রাখাল জানান।
তিনি বলেন, সিরাজুম মুনিরাকে (৩৩) তিন-চারদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। শনিবার সকালে বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় ওই নারীর মৃত্যু হয়।
চিকিৎসক অপূর্ব বিশ্বাস আরো বলেন, “শুক্রবার পরীক্ষায় সিরাজুম মুনিরার প্লাটিলেট ৪৫ হাজার পাওয়া যায়। ওই সময় তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করা হলেও স্বজনরা তাকে নিয়ে যাননি। পরে আবারও পরীক্ষা করালে তার প্লাটিলেট পাওয়া যায় ৩৯ হাজার। এরপর সকালে বরিশাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৬৮ জন। বর্তমানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনায় ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বরগুনাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।
