Published : 09 Jul 2026, 06:50 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী এক নারী ও তার ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- কামরাখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা খাতুন (২৫) ও তার ছেলে নিয়ামত উল্লাহ (৬)।

ওসি ইসমাইল হোসেন বলেন, “বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহি বাসটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলের মৃত্যু হয়।”
আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে বাসটি জব্দ এবং চালকের সহকারী শিমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।