১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪

একদিন আগে রাতে অভিযানে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের উপর হামলা চালায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। পরে এলাকাবাসীর সহযোগিতায় এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মো. ফয়সাল (২৪), স্বপন (২২), মুরাদ (২৩) এবং সীমা আক্তার (২৩)।

আহত পুলিশ সদস্যরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার বিকালে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার দিন রাতে বসুপাড়া গ্রামের মজুমদার বাড়িতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আট মামলার আসামি ফয়সালকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

এ সময় আসামিকে ছিনিয়ে নিতে ২০ থেকে ২৫ জনের একটি দল পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হয় এসআই আল আমিন, আতোয়ার রহমান, পুলিশ সদস্য সুমন চন্দ্র, ইকবাল হোসেন এবং ফয়সাল খান।

মাহবুবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। বিকালে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।