Published : 22 Mar 2026, 02:02 PM
নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
শনিবার রাত পৌনে ৯টায় দিকে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল জানান।
নিহত ১২ বছর বয়সী মো. হৃদয় রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
তৎক্ষাণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি উপজেলার আমিরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, ঈদের দিন আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সী যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটিতে করে আনন্দ করতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিল। ঘোরাফেরা শেষে রাত পৌঁনে ৯টায় দিকে বাড়ি ফেরার পথে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়।
এতে গুরুতর আহত হন ভটভটিতে থাকা অন্তত ছয় জন। তাদের মধ্যে হৃদয়কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের চিকিৎসার জন্য রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেন পরিদর্শক (তদন্ত) বাবলু পাল জানান।