Published : 13 Apr 2026, 04:00 PM
চুয়াডাঙ্গার জীবননগরে তেলের পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে কাগজপত্র না থাকা ও অন্যান্য বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
দণ্ডিত ২৭ বছর বয়সী সিফাত হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাকে সাজার পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, “নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, সিফাত হোসেন ফুয়েল কার্ড ছাড়া লাইনে অনিয়ম করে জ্বালানি নিতে চাপ সৃষ্টি করেন।
“তাকে সতর্ক করে নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতি সৃষ্টি করেন। ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়।”
এছাড়া একই ধরনের অপরাধে চার জনকে মোট চার হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
তারা হলেন- জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের ইয়াসিন আলী, হরিয়ান নগরের মোশারফ হোসেন ও বাঁকা গ্রামের শাহিন উদ্দিন।