১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপদ সিলেট গড়তে বিশেষ মোবাইল অ্যাপ চালু করছে এসএমপি

অক্টোবর থেকে পুরোদমে কার্যকর হবে অ্যাপটি। প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নগরবাসী অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে GenieA নামের একটি মোবাইল অ্যাপ চালু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরের উপশহর এলাকায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই জরুরি সব পুলিশি সহায়তা মিলবে জানিয়ে তিনি বলেন, “একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে অ্যাপটি চালু করা হয়েছে। যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।” 

তিনি বলেন, GenieA নামের এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধাও থাকবে অ্যাপটিতে। 

এছাড়া ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সুরক্ষা।

পুলিশ কমিশনার হিসেবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা তার স্বপ্ন জানিয়ে তিনি বলেন, “যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা। ”

আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এসব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।” 

এ মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, “অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক চালু আছে। এটি অক্টোবর মাসের প্রথম থেকে পুরোদমে কার্যকর হবে। অ্যাপটি মনিটরিং করা হবে নিয়মিত। প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নগরবাসী অ্যাপটি ব্যবহার করতে পারবেন।"