১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঘরের ভেতর ওই দম্পতিকে বৈদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 11:27 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

বগুড়ার কাহালু উপজেলায় ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম। 

নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।  

স্থানীয়দের ভাষ্য, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা চাকরির কারণে নাটোরে থাকেন। পরে তারা এই দম্পতি দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়িটিতেই বসবাস করতেন।

বেলা ৩টার দিকে পুটু মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি আনোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় তিনি ঘরের ভেতর আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। 

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

“তাদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”