সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তি
ফিলিং স্টেশনটির মালিক জেলা আওয়ামী লীগের সহসভাপতি; যিনি আত্মগোপনে আছেন।
সিরাজগঞ্জ শহরে একটি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার মধ্যরাতে দিয়ার বৈদ্যনাথ এলাকায় ‘অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম।
ফিলিং স্টেশনের অপারেটর ইনচার্জ শামীম হোসেন বলেন, ঘটনার দিন রাত ২টার দিকে মুখোশধারী ১০ থেকে ১২ যুবক দেশি অস্ত্র হাতে ফিলিং স্টেশনে প্রবেশ করেন। হামলাকারীরা স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর কক্ষ, মেশিন কক্ষ ও আরএমএস কক্ষ ভাঙচুর এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
“ক্ষতিগ্রস্ত মেশিনগুলো মেরামত বা পরিবর্তন করা সময়সাপেক্ষ। দেশে এসব যন্ত্রাংশ পাওয়া যায় না”, বলেন তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, “ভাঙচুরের কারণে দুই দিন ধরে ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এতে সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ অন্তত পাঁচ হাজার যানবাহন গ্যাসের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।”
দ্রুত গ্যাস পাম্পটি মেরামত করে সরবরাহের দাবি জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ফিলিং স্টেশনটির মালিক কার্যক্রম নিষিদ্ধ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান ডিলু। চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। ডিলু দেশে নাকি বিদেশে গেছেন, তা জানা যায়নি। তবে তার হোয়াটসঅ্যাপ নম্বর চালু রয়েছে।
হামলার বিষয়ে হোয়াটসঅ্যাপ জানতে চাওয়া হলে ডিলু বলেন, “গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা ফিলিং স্টেশনে হামলা করেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করেছি।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কাকে বাদী করে মামলা করব, তার নিরাপত্তা কে দেবে।”
ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
