২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যশোরে গাছে প্রাইভেট কারের ধাক্কা, সাবেক ছাত্রলীগ নেতাসহ নিহত ২

পুলিশ পরিদর্শক হাসান বলেন, প্রাইভেট কারটি যশোর শহর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল।

যশোরে গাছে প্রাইভেট কারের ধাক্কা, সাবেক ছাত্রলীগ নেতাসহ নিহত ২
যশোর সদরের নতুনহাটে বেনাপোল সড়কে গাছের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারটি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 11:36 AM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদরের নতুনহাটে বেনাপোল সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান। 

নিহতরা হলেন, যশোর শহরের স্টেডিয়ামপাড়ার আব্দুল হকের ছেলে মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর সারাথি মিল এলাকার লিটনের স্ত্রী জুঁই (৩০)। মিলন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। 

আহতরা হলেন, সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২)। 

পুলিশ পরিদর্শক হাসান বলেন, প্রাইভেট কারটি যশোর শহর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। পথে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে নতুনহাট পৌঁছলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেট কারের সজোরে ধাক্কা লাগে। 

এসময় গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে আরোহী চারজনকে মারাত্মক আহত হন।  স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলন ও জুইকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে মামুনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক খুলনায় স্থানান্তর করেছেন। মাসুদ রানা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনায়  নিহতদের মরদেহ দুটি হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।