Published : 22 Sep 2024, 12:43 AM
দেশের পর্যটন খাতে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে কক্সবাজারের অভিজাত আবাসিক হোটেল ‘সায়মন বিচ রিসোর্ট’ ও ‘সায়মন হেরিটেজ’।
প্রতিষ্ঠান দুটি এবার আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস-২০২৪ পুরস্কার পেয়েছে।
বৃহস্পতিবার নেপালের কাঠমন্ডুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয় বলে সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠান দুটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সায়মন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার মি. পুবুদু ফার্নান্দো। এই সাফল্য সায়মন গ্রুপের উন্নত আতিথেয়তা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী সেবা প্রদানের অঙ্গীকারের প্রতিফলন।
সায়মন বিচ রিসোর্টকে ‘লিডিং বিচ রিসোর্ট’ এবং সায়মন হেরিটেজকে ‘লিডিং হেরিটেজ হোটেল’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
পাশাপাশি পুবুদু ফার্নান্দোকে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার হিসেবে সম্মানিত করা হয়েছে।
সায়মন কর্তৃপক্ষ এ পুরস্কারের জন্য তাদের অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারে ব্যক্তি মালিকানাধীন প্রথম তারকামানের হোটেল সায়মন। এ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের পর্যটন ছাড়িয়ে বিদেশের মাটিতেও কক্সবাজারের পরিচয় উজ্জ্বল করছে।
সায়মন পরিবারের নতুন সংযোজন ‘সায়মন হেরিটেজ’। হোটেলটির নান্দনিকতা এরই মধ্যে দেশি-বিদেশি পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই পুরস্কার লাভ করার মাধ্যমে এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল।
সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান বলেন, এ সাফল্য শুধু সায়মন পরিবারের নয়; এটি কক্সবাজারবাসীরও অর্জন। তাদের ভালোবাসায় আজ প্রতিষ্ঠান দুটি কক্সবাজারের নাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে।