জুলাই সনদ বাস্তবায়ন ও হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি
গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে শ্রদ্ধাঞ্জলি, সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।
বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি থেকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।
প্রথমে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অধিদপ্তরসহ সাধারণ মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতায়। ছাত্রজনতা বুকের রক্ত দিয়েছে, এদেশের মানুষ গণভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে। অথচ সেই জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি।
“তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।”
এ ছাড়া গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম।
