১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যতদিন বেঁচে আছি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলব: কাদের সিদ্দিকী

বিএনপি ও এনসিপিকে নিয়ে যদি একতরফা নির্বাচন হয়, তাহলে কেউ ভোট দিতে যাবে না বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

যতদিন বেঁচে আছি ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলার কথা বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব। যতদিন বেঁচে আছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলব।

“জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু আমরা ভুল করে জামায়াত-শিবিরকে সুযোগ দিয়েছি। বঙ্গবন্ধু ক্ষমা না করলে, তারা টিকতেই পারত না।”

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেলা হানাদার মুক্ত দিবসে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে; তবে বিএনপি ও এনসিপিকে নিয়ে যদি একতরফা নির্বাচন হয়, তাহলে কেউ ভোট দিতে যাবে না বলে মনে করেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, “বঙ্গবন্ধু যেখানে নেই, সেখানে মুক্তিযুদ্ধ নেই, বঙ্গবীরও নেই। তবে শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয়। আর মুহাম্মদ ইউনূস মনে করেন আওয়ামী লীগকে বিচার করবেন, এটা সম্ভব নয়। যদি আওয়ামী লীগ স্বৈরাচার হয়, তাহলে এখন কী হচ্ছে?”

সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যদি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে, তখন জনগণ চাইলে দলের বাইরে থেকেও প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবব।

“কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হয়, এই নির্বাচনে মানুষের আগ্রহ কমে যাবে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে আগে পরিবেশ তৈরি করতে হবে।”

তিনি বলেন, “শেখ হাসিনার মত আপনাদেরও ধাক্কা খেতে হতে পারে। ‘জুলাই যোদ্ধা’ দাবি করে অনেকেই পরিচয় দেয়; যারা জনগণকে পথ দেখাবেন, তারা কোথায়? 

“জনগণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; যিনি একাত্তর সালে নির্দেশ দিয়েছিলেন বলে আজ ‘জুলাই যোদ্ধারা’ কথা বলতে পারেন। দ্বিমতের স্বাধীনতা দিতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে, এমন পরিবেশ ফেরাতে হবে।”

সভায় বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন বাঙ্গাল, ফজলুল হক বীর প্রতীক, কুড়ি সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।