Published : 25 Jun 2026, 12:46 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সুতাং ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
নিহত মো. কাউসার মিয়া (৩২) নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক ছিলেন।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।
এ ঘটনায় আহত হয়েছেন, পিকআপের হেলপার,অটোরিকশার চালক ও ট্রাক চালক।স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।