১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেট থেকে শতাধিক ট্রাকে পাথর গেল ‘সাদাপাথরে’

এসব পাথর বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

সিলেট সদর উপজেলা থেকে শতাধিক ট্রাকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর কোম্পানীঞ্জের ‘সাদাপাথরে’ প্রতিস্থাপনের জন্য পাঠানো হয়েছে। এসব পাথর বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।  

রোববার উপজেলার ধোপাগুল এলাকা থেকে এই পাথর পাঠানো হয় বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

তিনি বলেন, শনিবার রাত ১০টা থেকে পাথর উদ্ধারে অভিযান শুরু করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ। এই অভিযান চলে রোববার বিকাল ৩টা পর্যন্ত। 

এ সময় ২৫১টি ট্রাকে তল্লাশি চালিয়ে এলসির পাথর বহনকারী ২৪৪টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। আটক করা হয় সাদাপাথরবাহী সাতটি ট্রাক; এই পাথরগুলো ভাঙা ছিল।

ইউএনও আরও বলেন, এ ছাড়া রোববার দুপুরের দিকে সদর উপজেলার ধোপাগুল এলাকার লালবাগের ঝুমুর ও শাহজালাল ক্র্যাশার মেশিনের অভিযান চালানো হয়। 

এ সময় ঝুমুর ক্র্যাশার মিল থেকে ১০ হাজার ঘনফুট এবং শাহজালাল ক্রাশার মিল থেকে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পাথরগুলো স্থানীয় একজন ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ইউএনও।