১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ভবনের সীমানা প্রাচীর ধসে শ্রমিক নিহত, আহত ৪

আহতদের মধ্যে দুজনকে পঙ্গু হাসপাতাল এবং বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের সীমানা প্রাচীর ধসে এক নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতাইশ (খৈরতুল) জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহাম্মেদ। 

নিহত মো. বাবুল (৫৫) নরসিংদীর রায়পুরার আব্দুল্লাহপুরা গ্রামের প্রয়াত রাজ্জাক মিয়ার ছেলে। 

আহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চর আলমখালী গ্রামের ফারুক হোসেন (৪০), রায়পুরা উপজেলার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই উপজেলার বাঁশগাড়ী গ্রামের ইসমাইল হোসেন (৪০) এবং মাধবদী উপজেলার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯)।

আহতদের মধ্যে দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজহারুল ইসলামের বহুতল ভবনের সীমানা প্রাচীরে ইটের গাঁথুনি দিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎ প্রাচীর ধসে পাঁচ শ্রমিক নিচে চাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা ১২টার দিকে বাবুলের মৃত্যু হয়। বাকি আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে বাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহাম্মেদ।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।