১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে পতিত সরকার গুজব ছড়াচ্ছে: রিজওয়ানা হাসান

“কোনো রাজনৈতিক দল বেপথে গেলে উচ্চকক্ষ তাদের টেনে ধরতে পারবেন। এই ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা আমরা পেতে পারি, যদি গণভোটে ‘হ্যাঁ’ বলা হয়।”

১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে পতিত সরকার গুজব ছড়াচ্ছে: রিজওয়ানা হাসান
রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে গণ‌ভো‌টের ক‌্যারাভা‌নের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে কিনা, তা নিয়ে পতিত সরকারের লোকজন গুজব ছড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “পতিত সরকারের লোকজন ফিসফিস করে সমাজে গুজব ছড়াচ্ছে ১২ তারিখে ভোট হবে কি হবে না। 

“কেন ভোট হবে না? সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।”

মঙ্গলবার বিকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গণ‌ভো‌টের ক‌্যারাভা‌নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, ১৬ বছর ধরে পতিত স্বৈরাচার ক্ষমতায় ছিল। তাদের লোকজন এখনো সমাজে বাতাস ছড়িয়ে বেড়াচ্ছে ১২ তারিখে ভোট হবে কি-না। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।

অতীত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, “আমরা দেখেছি চার মিনিটে সংবিধান বদলে ফেলা হয়েছে। কিন্তু এবার আর চার মিনিটে সংবিধান বদলানো যাবে না। 

“আমা‌দের এমন দুর্ভাগ্য, দে‌শে য‌দি কোনো রাজ‌নৈ‌তিক গণ্ডগোল হয় তখন, আমরা আশাক‌রি রাষ্ট্রপতি বোধ হয় কিছু কর‌বেন, আমরা সে আশাও কর‌তে পা‌রি না। কারণ ‘দলকানা‌কে’ রাষ্ট্রপ‌তি করা হয়।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে রাষ্ট্রপতি হবেন অভিভাবকের মতো। প্রধানমন্ত্রী যদি বেপথে যান, তাকে টেনে ধরতে পারবেন।

“কোনো রাজনৈতিক দল বেপথে গেলে উচ্চকক্ষ তাদের টেনে ধরতে পারবেন। এই ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা আমরা পেতে পারি, যদি গণভোটে ‘হ্যাঁ’ বলা হয়।”

উদ্বোধন শেষে গণভোটের পক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রা‌টি শহ‌রের বি‌ভিন্ন এলাকা ঘুরে ইয়া‌ছিন উচ্চবিদ‌্যালয় মা‌ঠে গি‌য়ে শেষ হয়। প‌রে সেখা‌নে মতবি‌নিময় সভা হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পু‌লিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।