১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

মঙ্গলবার কারাগার থেকে সেলিনা হায়াৎ আইভীকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে৷

বৃহস্পতিবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুর রহমানের আদালতে আইভীকে তোলা হয়৷ পরে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক সিটি মেয়রকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ৷ 

মঙ্গলবার কারাগার থেকে সেলিনা হায়াৎ আইভীকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়৷ পরে তাকে ডিবি কার্যালয়ে দুই দিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷

রোববার বিকালে পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মোহসীন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী।

২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী।

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। মিনারুল হত্যা ছাড়া আরও দুটি মামলাতে আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে, মিনারুল হত্যা মামলাটিতে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন আইভী৷

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। পরে আদালত জামিন শুনানির জন্য ২ জুন তারিখ ধার্য করেন৷