১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ভোটের ছবি তুলতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে দুইজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

সিরাজগঞ্জ সদরে ভোটার তালিকা হালনাগাদের ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভোটার তালিকায় ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উপজেলার কালিয়া কান্দাপাড়া ও চরবনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ পরিদর্শক মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। আহতদের মধ্যে দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।