Published : 27 Jul 2026, 12:48 AM
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. সিব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে রোববার রাতে এ আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে এবং একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয়ে পাশের ঘোষপুর ইউনিয়নের ভূমির কাজও হয়। ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।
অফিসে বসে গুনে গুনে ইমরান শেখ টাকা নিচ্ছেন এমন দুই মিনিট দুই সেকেন্ডর একটি ভিডিও রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ইমরান শেখকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”