Published : 28 Jul 2025, 04:19 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে; এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।
সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা।
নিহত সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
নৌ-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেঘনা নদীর তীরে আফছার মাঝি তার মাছধরা ট্রলারটি নোঙর করে তিনিসহ আরও চার জেলে ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোরে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন অন্য জেলেরা।
এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছেন আরও এক জেলে। ঘটনার পরপর বাল্কহেডটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আশিষ চন্দ্র সাহা।