১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৩০টি মণ্ডপে ‘বিদ্যা দেবীর’ আরাধনা

পূজা উপলক্ষে সকাল ৮টার দিকে প্রতিমা স্থাপনের পর পূজারম্ব ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। বেলা ১২টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 03:55 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলিতে সরস্বতী দেবীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় শুক্রবার সকাল থেকে এসব পূজা মণ্ডপে শিক্ষার্থীদের পাশপাশি ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীমান শাওন দেবনাথ 

বলেন, সরস্বতী পূজা উপলক্ষে সকাল ৮টার দিকে প্রতিমা স্থাপন করা হয়। এরপর পূজারম্ব ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। দুপুর ১২টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়।

উদযাপন কমিটির তথ্যমতে, বিদ্যার্থী সংসদের একটি, শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, শাবিপ্রবি শাখার একটি, কর্মকর্তা ও কর্মচারীদের একটি, ও কেন্দ্রীয় পূজা কমিটির একটিসহ মোট ৩০টি পূজা মন্ডপ বসে ক্যাম্পাসের আইআইসিটি ভবন থেকে বাস্কেটবল মাঠ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুমা রাণী দাস বলেন, “সরস্বতী পূজা আমাদের কাছে খুব স্বাভাবিকভাবেই আনন্দ আর ভক্তির বিষয়। জ্ঞান ও বিদ্যার দেবীর আশীর্বাদ কামনায় প্রতি বছর আমরা সবাই মিলে এই আয়োজন করি। 

“শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করায় পুরো আয়োজনটা আরও সুন্দর হয়ে ওঠে। এতে আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়।”

পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীমান শাওন দেবনাথ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী বসন্ত পঞ্চমীতে এবারও সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ বিরাজ করছে। 

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি।