কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায়
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল জলিল বলেন, “কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় জানানো হবে।”
দীর্ঘ ৩৫ বছরের চাকরি জীবন শেষে শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে রাজকীয় বিদায় পেলেন কুড়িগ্রামের এক স্কুল শিক্ষক।
ফুলবাড়ী উপজেলার জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক আব্দুল জলিলকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়ার পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল জলিল তার সততা আর নিষ্ঠার জন্য সবার কাছে পরিচিত ছিলেন। শেষ কর্মদিবসে তাকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন প্রাক্তন শিক্ষার্থী আর অভিভাবকরাও।
এই স্কুলের শিক্ষার্থী রবিন বলে, “জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের বাবার মত। সব সময় আদর ও মমতা দিয়ে আমাদের পড়িয়েছেন।
“আজ স্যার বিদায় নিলেন। ভালো একজন শিক্ষককে আমরা স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।”
শিক্ষক আইয়ুব আলী বলেন, “আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি আমাদেরকে সব সময় ভালো পরামর্শ দিতেন। তার আচরণ আমাদের সবার জন্য শিক্ষনীয়। আমরা দোয়া করি, তিনি সবসময় ভালো থাকুন।”
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল জলিল বলেন, “কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় জানানো হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। আমার জন্য সবাই দোয়া করবেন।”
