Published : 04 Aug 2026, 06:43 PM
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের সাত ঘণ্টা পর উত্তরাঞ্চলের বিভিন্ন পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার পর থেকে বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকেপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান।
সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম মনসুর আলী স্টেশনে এসে দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছিল।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। সংবাদ পেয়ে পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার কাজ শেষ হয়েছে পৌনে ৬টার দিকে। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ক্রটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: উদ্ধার অভিযান শুরু, তদন্ত কমিটি
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ