Published : 04 Aug 2026, 03:40 PM
সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এছাড়া ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।
এ ঘটনার পর উত্তরের বিভিন্ন স্টেশনে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম, মনসুর আলী স্টেশনে পৌঁছালে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম বলেন, বগি লাইচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শহীদ এম, মনসুর আলী স্টেশনে ট্রেনের একটি বগির ২টি চাকার সংযোগ থেকে আলাদা হয়ে গেছে। একটি চাকা খুলে লাইনের বাইরে ছিটকে পড়েছে।
পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ট্রেনটি উদ্ধারে অন্তত তিন ঘণ্টা সময় লাগবে।
পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গঠিত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ