Published : 09 Apr 2026, 02:45 PM
বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে গাবতলী থানার ওসি রাকিব হাসান জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী নজরুল ইসলাম লজু ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে নজরুলের ছেলে ২২ বছর বয়সী শিপন মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জেরে শিপন লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। এতে নজরুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি রাকিব হাসান বলেন, শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।